ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি জানান। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে কথিত অপপ্রচারের নিন্দা জানান তারা।
নিহতের ভাই ফরিদ বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি চাই।’
তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর বলেন, মামলাটি সঠিক ও ন্যায়সংগতভাবে পরিচালনা করায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজনই এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
মানববন্ধন শেষে দৌলতখান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার ও স্বজনরা। সেখানে নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন জড়িত। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসি দাবি করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









