সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস, কামরুল ইসলামসহ কয়েকজন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে মেহেদী হাসান কুমিরা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









