দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ আর রাজনৈতিক প্রতীক্ষার পর অবশেষে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নির্বাচিত মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ধানের শীষ প্রতীকে জনগণের রায় নিয়ে তিনি বলেন, ‘এ বিজয় আমার নয়, রূপগঞ্জবাসীর বিজয়।’
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের নির্বাচিত সদস্যদের প্রথম দফার শপথে অংশ নেন দিপু ভূঁইয়া। শপথ শেষে নিজ আসনের নাম লিখে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে রূপগঞ্জের প্রতিনিধি হিসেবে সংসদে তার যাত্রা শুরু হয়।
দিপু ভূঁইয়া বলেন, ‘এ দেশকে আমরা নতুনভাবে সাজাতে চাই। বিগত সময়ে দেশকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা তরুণেরা গণতন্ত্রের জন্য রাজপথে লড়েছি। আজকের এই সফলতা সেই সংগ্রামের ফসল।’
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ তিনি বলেন, ‘বেগম জিয়ার নেতৃত্বেই আমরা পথ চলেছি। আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে থেকেও সবসময় দিকনির্দেশনা দিয়েছেন। তার নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরছে—এই অনুভূতি ভাষায় প্রকাশের বাইরে।’
রূপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘আমি কথা দিয়েছিলাম—চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত রূপগঞ্জ গড়ব। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলব।’
এরআগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিপু ভূঁইয়া। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দিপু ভূঁইয়াকে অভিনন্দনে ভাসাচ্ছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সামাজিক-রাজনৈতিক সংগঠন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন তাদের নির্বাচিত প্রতিনিধিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









