প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বাবার রাজনৈতিক আসন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) থেকে বিজয়ী হয়েই গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী উচ্ছসিত।
প্রতিমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ায় লালপুর ও বাগাতিপাড়ায় দলীয় নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, উত্তরাঞ্চলের একটি জেলা থেকে একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ—এই দুই গুরুত্বপূর্ণ খাতে প্রতিমন্ত্রী পাওয়া বিরল ঘটনা।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি শুধু একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়; পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়।’
তিনি আরা বলেন, ‘তার মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে।’
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে পারিবারিক ঐতিহ্য। তার পিতা ফজলুর রহমান পটল একসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকায় ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা এখনো স্মরণ করেন স্থানীয়রা। বাবার সেই আসন থেকেই নির্বাচিত হয়ে পুতুলের মন্ত্রিত্ব পাওয়াকে অনেকেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।
স্থানীয় শিক্ষক নেতা সাজেদুর সাজ্জাদ বলেন, ‘আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক। পুতুলের নেতৃত্বে এ খাতে নতুন কর্মসূচি ও বাস্তবধর্মী উদ্যোগ আসবে বলে আশা করছি।’
তরুণ সমাজকর্মী রাবেয়া খাতুন সুরভী বলেন, ‘একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। বিশেষ করে গ্রামীণ নারী উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।’
প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তার ঘটবে বলে স্থানীয় জনগণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশেষ করে লালপুর ও বাগাতিপাড়ায় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









