আসন্ন জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক্কালে তিনি নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় আসনের সার্বিক উন্নয়ন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কামনা করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফয়সল আমীন উপস্থিত সকলের সমর্থন ও দোয়া চেয়ে বলেন, "আমি আপনাদের সন্তান।
আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী দিনে ঠাকুরগাঁও-১ আসনের মানুষের সেবা করতে চাই। বিএনপির আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।"
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









