বান্দরবানের লামা উপজেলায় এক পাহাড়ি জুমের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হাতিরঝিরি এলাকার একটি পাহাড়ি জুমে কাজ করতে যান স্থানীয় জুমিয়ারা (জুমচাষি)। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার করেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মো. ছগিরের পরিচয় নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের পরিবার তার পরিচয় শনাক্ত করেছে। তবে কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









