‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীরে মানববন্ধন হয়েছে। নদী দখল ও দূষণ বন্ধ, নাব্যতা রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানান বক্তারা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে পরিবেশকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীকে ঘিরেই উপকূলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদ গড়ে উঠেছে। কিন্তু দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক নদী অস্তিত্বের সংকটে পড়েছে। এর প্রভাব পড়ছে নদীনির্ভর মানুষের জীবন ও জীবিকায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে। নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
জেলে এমাদুল মিয়া বলেন, নদী দিন দিন ভরাট ও দূষিত হচ্ছে। জালে মাছের বদলে প্লাস্টিক-পলিথিন উঠে আসে। এখন আর আগের মতো মাছ পাই না।
উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বলেশ্বর-বিষখালীসহ উপকূলের নদীগুলো মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা, দখল-দূষণ বন্ধ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
মানববন্ধন শেষে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









