চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনায় কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার মানববন্ধনে শিশুটির বাবা রুবেল আলীসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের অভিযোগ, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে অপহরণের পর ‘ঈগল হান্ট’ অভিযানে হত্যার ঘটনায়ও তার সম্পৃক্ততা ছিল।
বক্তারা আরও অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। পরে প্রশাসনের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
শিশু অপহরণের ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হলেও কথিত মূলহোতা আবুল কালাম আজাদ এখনো গ্রেপ্তার হননি বলে মানববন্ধনে দাবি করা হয়। তাকে দ্রুত গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে আবুল কালাম আজাদ বর্তমানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। তার সাংবাদিকতার পরিচয় নিয়েও তদন্তের দাবি জানান বক্তারা।
শিশু নাফিস অপহরণের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








