গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা। তারা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।
হাসপাতালে অবস্থানরত মো. চান মিয়া জানান, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় পৌঁছানোর পর বাস থেকে নামেন তারা। পরে আয়েশা, ইয়াছিন ও আরজিনা রাস্তার পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
এতে ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আয়েশা খাতুনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে তিনি মারা যান। আহত আরজিনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে হেফাজতে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









