নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মা মোছা. তানিয়া আক্তার সূর্য্য (৪৫) ও ছেলে মো. সম্রাট হোসেনকে (২১) আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে যান ওই নারীর স্বামী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
তারা যোগেন্দ্রনগর গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে ভুম্বুর স্ত্রী ও ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার সূর্য্যের বিরুদ্ধে ১৩টি এবং শহিদুল ইসলাম ওরফে ভুম্বুর বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক মা-ছেলেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সকালে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। গুরুদাসপুর উপজেলাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









