পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৮ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী উপজেলার তেঁতুলিয়া নদী তীরবর্তী ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি সহায়তার চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘‘তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকার মধ্যে হাজিরহাট, আউলিয়াপুর ও চরঘূর্ণী অন্যতম। এসব এলাকা ইতোমধ্যে সার্ভের আওতায় নেওয়া হয়েছে। সার্ভে শেষ হলে তেঁতুলিয়া নদীশাসনে টেকসই ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি আরও বলেন, ‘‘নদীভাঙনে যেসব পরিবার বসতভিটা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য যেখানে সরকারি খাসজমি রয়েছে, সেখানে উপযুক্ত জায়গা নির্বাচন করে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।’’ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার আন্তরিকভাবে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পুকুর এবং সরকারি খাল-বিলে মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে তিনি দশমিনায় অবস্থিত বাংলাদেশের চতুর্থ সার্ভে ইনস্টিটিউট হিসেবে পরিচিত পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট কলেজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) ও বাপাউবোর কর্মকর্তা এমরান হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডা. মো. শফিক উদ্দিন, উপপ্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ (আ.দা.) মীর মঞ্জুর মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) তপন মজুমদার, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি, সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, যুবদলের সাবেক সদস্যসচিব শামিক খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









