পূর্ব সুন্দরবনে বনদস্যুরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই দিনে জেলে বহরে হানা দিয়ে তারা অস্ত্রের মুখে ২১ জেলেকে অপহরণ করে নিয়েছে। এসব ঘটনায় জেলে ও মহাজনদের মাঝে দস্যু আতংক দেখা দিয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন সম্ভাব্য অনুসন্ধান ও অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা,আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে অজ্ঞাত পরিচয়ের বনদস্যুরা হামলা করে প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে তুলে জেলেদের একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।
অপহৃত ১০ জেলেরা হচ্ছে, আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), এদের বাড়ী খুলনা, ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮),হানিফ (৩৮), মারুফ (৪৯) এ জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। এ সকল জেলে বন বিভাগের পাশ নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলো বলে ঐ ফরেষ্ট রেঞ্জার জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় ফোনে অিপহরণের তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (২৫ শে সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়ীয়া ও কালামিয়ার ভাড়ানী থেকে বনদস্যু মজনু বাহিনী অস্ত্রের মুখে জেলেদের একটি নৌকা সহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে খুলনার কয়রা বাগেরহাটের রামপাল ও শরণখোলা এলাকার রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮) এর নাম জানাগেছে।
মোংলা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে মহাজন মোবাইল ফোনে জানান, শনিবার (২৬ সেপ্টেস্বর) দিবাগত গভীর রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে। অপহৃত এ জেলেরা হচ্ছে, মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)।
নাম প্রকাশ না করার শর্তে শরণখোলার কয়েকজন জেলে মহাজন বলেন, দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আবারও দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজনরা।
কোষ্টগার্ড পশ্চিমজোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, জেলে অপহরণের খবর পেয়ে তারা অনুসন্ধানের কাজ শুরু করেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









