শেরপুরে পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হাফিজুর রহমান রাসেল (৩৬)। তিনি জামালপুর জেলা শহরের পাথারিয়া গজপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাগলগড় এলাকায় ব্রক্ষপুত্র নদের পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









