নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি ওই কেন্দ্রের প্রায় ৯০০ ভোটারকে সরিয়ে সল্লাবাদ পশ্চিম পাড়ার সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় নতুন ভোটকেন্দ্র করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে বিশেষ করে বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের ভোট দিতে ভোগান্তিতে পড়তে হবে।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ আমান। বক্তব্য দেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম ও উপজেলা যুবদল সদস্য মো. কামরুজ্জামান আজিমসহ স্থানীয় নেতারা।
বক্তারা নতুন কেন্দ্র বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই আগের মতো ভোটগ্রহণের ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।
পরে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









