অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর লক্ষ্যে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অসহায় মানুষদের হাতে শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান।
দুর্দিনের মধ্যে এমন মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। সহায়তাপ্রাপ্ত অনেকেই আবেগপ্লুত হয়ে উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান বলেন, “আমাদের সামান্য সহানুভূতি ও উদ্যোগ একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, যার যার অবস্থান থেকে আমরা সবাই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।”
তিনি সমাজের ভিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরও বলেন, “সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান যদি নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ায়, তবে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









