নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে, দিপু ভূঁইয়াকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্বের ফলে সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পেলেন দিপু ভূঁইয়া।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের জন্য এ দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থানীয় শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, অবকাঠামো, গ্যাস ও জ্বালানি সুবিধাসহ শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটির আলোচনায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
জাতীয় সংসদের উন্মুক্ত তথ্যভাণ্ডারেও মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সদস্যপদ হিসেবে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তথ্য উল্লেখ রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর দেওয়া এক বার্তায় দিপু ভূঁইয়া এ দায়িত্ব অর্পণের জন্য বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি রূপগঞ্জের মানুষের প্রয়োজন, সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সংসদে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









