নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৯ নম্বর সেক্টরের একটি ফাঁকা প্লটের ঝোপঝাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে হাত-পা বেঁধে হত্যার পর মরদেহটি নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, সকালে ৯ নম্বর সেক্টরের একটি নির্জন প্লটের ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবককে হাত-পা বেঁধে হত্যার পর মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে।
তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









