সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সিলেট নগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার নিজ বাসায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।
তুহিন সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার প্রয়াত নুরুল হকের ছেলে। তিনি কয়েক বছর ধরে কিডনি ও হৃদ্রোগে ভুগছিলেন। আজ বাদ জোহর সাদাপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন তুহিন। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সিলেটের গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জেলা প্রেসক্লাবের শোক তুহিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তাঁরা বলেন, তুহিন ছিলেন প্রতিভাবান তরুণ সাংবাদিক। তাঁর অকালমৃত্যু সাংবাদিক অঙ্গনের জন্য বড় দুঃসংবাদ। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









