জমি বরাদ্দ থাকার পরও দীর্ঘ ১০ বছর ধরে "ভবনের অভাবে" অকার্যকর হয়ে পড়ে থাকা লালমনিরহাটের পাটগ্রামের ভোটবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের প্রাক্কলন জরিপ কাজ অবশেষে শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই জরিপ প্রক্রিয়া শুরু করা হয়।
সরেজমিনে তথ্য নিয়ে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর ভোটবাড়ী এলাকায় ২০১৬ সালে ছিটমহল বিনিময়ের সময় মোজাহারুল ইসলাম পাতু নামে এক ব্যক্তি পুলিশ তদন্তকেন্দ্রের জন্য ১ একর জমি দান করেন। জমি দানের এক যুগ পেরিয়ে গেলেও অবকাঠামো নির্মাণ বা অস্থায়ী পুলিশ ক্যাম্প না করায় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয় এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পায়। উপজেলা সদর থেকে সীমান্তঘেঁষা এ এলাকার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার হওয়ায় পুলিশের নিয়মিত নজরদারির অভাবে ক্ষোভ ও হতাশায় ছিলেন স্থানীয় বাসিন্দারা।
শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিয়ার রহমান ও পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি রাজু সওদাগর বলেন, এলাকাটির ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। সীমান্তসংলগ্ন এ স্থানে অবকাঠামো গড়ে না ওঠায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছিল। তদন্তকেন্দ্রের নিজস্ব ভবন নির্মিত হলে সীমান্তঘেঁষা সাধারণ মানুষের সেবা পাওয়ার পথ সহজ হবে।
জমিদাতা মোজাহারুল ইসলাম পাতু ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০১৬ সালে অপরাধ দমনে সুবিধার্থে আমি স্বেচ্ছায় ১ একর জমি দান করি। কিন্তু দীর্ঘদিনে কোনো পুলিশি কার্যক্রম বা তদারকি শুরু না হওয়ায় আমার জমি পড়ে রয়েছে। অবশেষে জরিপ কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছি।”
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের প্রচেষ্টায় সকালে ভোটবাড়ী তদন্তকেন্দ্রের জায়গার প্রাক্কলন জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। জরিপ শেষে খুব দ্রুতই অবকাঠামো নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









