নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-এর সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
সভায় সিন্ডিকেটের বিদায়ী সদস্যদের ধন্যবাদ ও নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সিন্ডিকেটের ১৫তম সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮তম ও ১৯তম সভা, অর্থ কমিটির ২৪তম ও ২৫তম সভা এবং শৃঙ্খলা কমিটির ১৪তম, ১৫তম ও ১৬তম সভার সুপারিশ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নির্দেশাবলী (এসওপি) অক্টোবর অনুমোদন, ২০২৬ সালে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, অভ্যন্তরীণ ও শিক্ষক পদোন্নতি এবং শিক্ষক-কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া শিক্ষক নিয়োগ কমিটিতে বিশেষজ্ঞ শিক্ষক মনোনয়ন, চাকরি স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষকদের ছুটি মঞ্জুর ও বর্ধিতকরণ নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া অসাধারণ, চিকিৎসা ও হজ পালনের ছুটি, খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং চুক্তিভিত্তিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও নবায়ন সংক্রান্ত বিষয় সভায় আলোচিত হয়। শৃঙ্খলা কমিটিতে সিন্ডিকেটের মাধ্যমে একজন বিভাগীয় প্রধান মনোনয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী, ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান (অব.), কর্নেল সাব্বির আহমেদ, বুয়েটের এমই বিভাগের অধ্যাপক ড. মাগলুব আল নূরসহ অন্যান্য সদস্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর মো. জহুরুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম নুরুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল হান্নান, বিএইউএসটি, সৈয়দপুরের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) এবং সভার সদস্য সচিব রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারও সভায় উপস্থিত ছিলেন।
সভায় তিনজন সদস্য অনলাইনে যুক্ত হন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, জনবল ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









