কক্সবাজারের উখিয়ায় অপহৃত মো. জসিম (১৫) নামে এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, মঙ্গলবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে কিশোর জসিমকে উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে জসিম বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় গিয়ে নিখোঁজ হয়। ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ব্যবহৃত ইমো নম্বরে ফোন করে জসিমের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে জসিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় জসিমের পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল। অভিযানে জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার জামাল হোসেন ও উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









