পবিত্র মাহে রমজানের শুরুতেই নীলফামারীর সৈয়দপুরে ১ হাজার ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট কানাডা। রমজান মাসে দুস্থ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
বিকোন প্রজেক্টের আওতায় সিপিইউ ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ লিটার তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের চাঁদনগর এলাকার ওব্যাট ব্যাক-টু-ব্যাক স্কুল চত্বর থেকে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থ পরিবারগুলোর হাতে খাদ্য সহায়তা তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট কানাডা বাংলাদেশের প্রতিনিধি মো. ইরফান আজম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ওব্যাট কানাডার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তারা অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ওব্যাট কানার বাংলাদেশ প্রতিনিধি ইরফান আজম বলেন, “এটা কোনো দান নয়, বরং দুস্থ মানুষের প্রাপ্য অধিকার। রমজানের শুরুতেই এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। ঈদের আগেও এ ধরনের সহায়তা দেওয়া হবে। পুরো রমজানজুড়েই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মেরাজ আলম, মোহাম্মদ জামিল হোসেন, মো. খুরশিদ আলম, মো. ফয়সাল, মো. শাহজাদা ও মো. আকবর খানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
এর আগে ওব্যাট কানাডার স্বেচ্ছাসেবক জামিল হাসান, রাজুসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন ক্যাম্প ও মহল্লা ঘুরে প্রকৃত অসহায় পরিবারের তালিকা প্রস্তুতি করেন।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









