ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কয়েক দশক ধরে বন্ধ ও অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ তাঁত বোর্ডের সার্ভিসেস এন্ড ফ্যাসিলিটিজ সেন্টার (এসএফসি) ও বেসিক সেন্টার পরিদর্শন করেছেন বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্র দুটির ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তিনি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অর্থ) ড. মো. মঞ্জুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) কে এম আবুল কালাম আজাদ এবং ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, পৌর যুবদলের সদস্য সচিব ও প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাধারণ সম্পাদক ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বন্ধ দুটি কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে তাঁত বোর্ড। এর মধ্যে পুরাতন ভবন পুনর্নির্মাণ, বেদখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধারে উদ্যোগ, স্থানীয় তাঁতিদের কাজের সুযোগ সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাঞ্ছারামপুরের তাঁতশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









