ঢাকার ধামরাইয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই ডিলারকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন।
অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়ায় বাথুলী এলাকার 'আনোয়ার এন্টারপ্রাইজ'-কে ১ লাখ টাকা এবং বারবাড়ীয়া এলাকার 'সেলিম এন্টারপ্রাইজ'-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের বর্তমান বিক্রয়মূল্য এবং টাঙানো মূল্যতালিকা কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ জ্বালানি গ্যাসের বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









