ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় শিশু ও নারীসহ মোট ছয়জন নাগরিককে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থানে নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ওই ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
বিজিবি আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









