‘সর্বহারা’ পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভোগা এক শিক্ষক ইতোমধ্যে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকি ও চাঁদা দাবির শিকার শিক্ষকরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন এবং কৌশিক সরকার। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ফোন করে তাঁদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন জানান, তাঁর কাছে পরপর দুটি কল আসে। প্রথমবার ব্যস্ত থাকায় কথা বলতে না পারলেও দুই ঘণ্টা পর পুনরায় কল করে দীর্ঘক্ষণ কথা বলে দুর্বৃত্তরা। একপর্যায়ে জেলে থাকা দলের কর্মীদের জামিনের খরচের অজুহাত তুলে তাঁর কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হয় এবং নিজেকে ‘সিরাজ শিকদারের ছোট ভাই’ হিসেবে পরিচয় দেওয়া হয়। তিনি বলেন, পুলিশ ও ব্যক্তিগত উদ্যোগে নম্বরটি ট্র্যাক করে জানা গেছে কলটি মাদারীপুর থেকে করা হয়েছে এবং সিমটি মুফতি রেজাউল করিম নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত।
আরেক ভুক্তভোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জানান, তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি না দিলেও ব্যক্তিগত তথ্য বলে ভয় দেখানোর চেষ্টা করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে। তিনি বিষয়টি থানায় জিডি না করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মৌখিকভাবে অবহিত করেছেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন বলেন, ‘শিক্ষকদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ও জিডি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। আশা করছি, খুব দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করে সমস্যার সমাধান করা সম্ভব হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









