পাবনার ভাঙ্গুড়া উপজেলাসহ চলনবিল অঞ্চলে রিভার প্রকল্পের আওতাধীন ৫টি স্কুল কাম ফ্লাড শেল্টার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন এলজিইডির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রকৌশলীরা।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আকস্মিকভাবে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজ পরিদর্শনে যান সিরাজগঞ্জ-পাবনা এলজিইডির প্রকৌশল দপ্তরের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী রিজভী আহমেদ, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁরা বিদ্যালয়টির নির্মাণকাজে ব্যবহৃত ইট ও খোয়ার মান দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ডিজাইন ও শিডিউলের বাইরে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে ওই সমস্ত নিম্নমানের ইট ও খোয়া সরিয়ে সেখানে মানসম্মত ও পরিচ্ছন্ন সামগ্রী ব্যবহারের কঠোর নির্দেশ দেন।
পাশাপাশি কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









