লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। জেলার ৬টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মিলিয়ে মোট ১৮২ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং ডিবি পুলিশ ২৩ জনকে আটক করেছে।
মূলত কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা রোধ, মাদক সেবন ও কারবার এবং মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সমাজে কিশোর অপরাধ ও গ্যাং কালচার নির্মূল করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









