কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার চুলিয়ার চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—মো. বাবু মিয়া (৩৫), পিতা-মৃত লেবু মিয়া এবং মো. মতলেব (৪০), পিতা-মৃত মজিবর রহমান। তাদের উভয়েই রৌমারীর চুলিয়ার চর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, রৌমারী থানায় গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন আসর থেকে ২৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









