নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক সাকিব সরকার।
তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৯০৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে বাসের ই-১ নম্বর সিটে বসা যাত্রী মো. মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯) এর দেহ এবং তার হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই যাত্রীও টিকিটও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ হোসেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা। তিনি মো. মোস্তফা কামালের ছেলে।
উপপরিদর্শক সাকিব সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









