নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়কের পাশ থেকে মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে এশিয়ান হাইওয়ের সড়কের পাশে মদনপুর-জয়দেবপুরের ললাটি এলাকায় অলিম্পিক কারখানার পাশেই পড়ে ছিল নিহতের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র (NID) উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, ‘‘এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









