শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল করেছে। এ সময় আল-আমিন ঢালী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়। মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওতে অর্ধশতাধিক নেতা-কর্মীর উপস্থিতি এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতা-কর্মীদের মিছিল ও কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘‘বিকেনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









