ময়মনসিংহের ভালুকায় গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার খারুয়ালী গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ এবং একই এলাকার মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ। একপর্যায়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে এলাকায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও সময়মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান, ঘটনাটি তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









