চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এক মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২৫ জন যুবক অংশ নিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজিবি রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও নিরসন এবং নিরাপদে বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।
প্রশিক্ষণ পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস নেবেন।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘সীমান্ত এলাকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।’’
তিনি বলেন, ‘‘সীমান্ত এলাকার মানুষের কল্যাণ ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।’’
ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘সীমান্ত এলাকার যুবকরা হরহামেশাই ভুল পথে যেতে পারে। এসব কাজ শিখে দেশের বাহিরে গিয়ে ভালো চাকরিও পাবে। এছাড়া পাশাপাশি তারা দেশের অভ্যন্তরে কাজ করে নিজের পাঁয়ে দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস।’’
বিজিবি জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সীমান্ত এলাকার জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে বিজিবি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









