ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনী বহনকারী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল এগারোটার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম (৩৫) এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০)। তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় কমপক্ষে ১৫জনের মতো। আহতদের হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার ফুলপুরের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (খান ট্রাভেল) এর সাথে বিপরীত দিক থেকে আসা আর্মির থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের ড্রাইভার আব্দুল বাসেতসহ ১০/১২ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যায়।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









