চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪) ও তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা লোকজন হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, “ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু এবং আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









