বগুড়ায় বকুল মিয়া ওরফে ‘ন্যাংড়া বকুল’ (৩৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় শ্বশুরবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহত বকুল বগুড়া মহানগরীর নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আব্দুল গনির ছেলে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বকুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী পারভীন খাতুনকে ডাকাডাকি করেন। স্ত্রী বাথরুমে থাকায় কিছুটা সময় লাগবে জানালে বকুল চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তার শ্বশুর দুলু হোসেন, স্ত্রী পারভীন ও শাশুড়ি বুলিসহ কয়েকজন তাকে চেঁচামেচি করতে মানা করেন।
একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে বকুলকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে।
স্থানীয়দের দাবি, জমি-জমা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ পুলিশ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









