কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিয়ারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে পাঞ্জু (৪৭) রয়েছেন।
এ ছাড়াও খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজির উদ্দিনের ছেলে জিনারুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ফেন্টুর ছেলে সনিরুল ইসলাম (২৫) রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ শেরপুরের পাঞ্জু মোম্বারকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর তিনজনকে একমাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, দৌলতপুরে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









