গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে আরিচপুর এলাকার শাহজাহানের ছেলে আবির হোসেন ইউনুস (১০) এবং তার সহপাঠী নিরব (৯) ওই দুই শিশু তুরাগ নদে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদে উদ্ধার অভিযান শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার রাত পর্যন্ত নদে তল্লাশি চালায়। তবে নিখোঁজ দুই শিশুর সন্ধান না পাওয়ায় মধ্যরাতে অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজ দুই শিশুর সন্ধানে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তুরাগ নদে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ডুবুরি দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









