ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নরসিংদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ‘‘ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকায় পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখা প্রয়োজন। মশার প্রজননস্থল ধ্বংসে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।’’
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নরসিংদী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









