ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পৌর শহরের অডিটরিয়ামে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ-হরিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
এ সময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, জেলা জামায়াতের সদস্য বাবলুর রশিদ, জামায়াত নেতা আবুল কাশেম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট পরিষদের ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত কুমার রায়, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন রায় ও সাধারণ সম্পাদক পলাশ রায়সহ অনেকে।
সভায় উপজেলার ১২২টি পূজামণ্ডপের বিভিন্ন সমস্যা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপের নিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









