‘‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যেন ভালোমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি’’- এমন বক্তব্যের জেরে লক্ষ্মীপুরে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ওমর ফারুক তুষার নামে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এক আইনজীবী এ নোটিশ দেন।
নোটিশটি রামগঞ্জে সংসদ সদস্যের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়।
লিগ্যাল নোটিশে আইনজীবীদের নিয়ে এমপি শাহাদাত সেলিমের বক্তব্যকে মানহানিকর ও অবমাননাকর উল্লেখ করে ৭ দিনের মধ্যে তা লিখিতভাবে প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়। তা না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদক মামলায় আসামিদের জামিন করানো প্রসঙ্গে এমপি শাহাদাত হোসেন সেলিম আইনজীবীদের সম্পর্কে বলেন, ‘‘রাতে আইনজীবীরা দোয়া করে যেন আগামীকাল ২-৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি এবং ভালমন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।’’
আইনজীবীদের নিয়ে এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একইদিন রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি একই ধরনের বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে অ্যাডভোকেট তুষার দাবি করেন, ‘‘একজন সংসদ সদস্যের কাছ থেকে আইনজীবী সমাজ সম্পর্কে এমন মন্তব্য পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করেছে। তিনি দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগও করেন।’’
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানান, এখনো লিগ্যাল নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে আইনজীবীর মাধ্যমে নিয়ম অনুযায়ী জবাব দেবেন। তার দাবি, বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আইনজীবীদের বিষয়ে মন্তব্য করা হলেও কারও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য তার ছিল না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









