সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আটটি গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘‘সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









