মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে একই দিন ভোরে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে চালক ও হেলপারের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪টি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৪৬ বোতল ‘রয়্যাল স্ট্যাগ ডেলুক্স হুইস্কি’, ১৬ বোতল ‘আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি’ এবং ১৮ বোতল ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডেলুক্স হুইস্কি’।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি তারা ট্রাকে করে সিলেটে থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









