গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেন, ‘‘এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদ কায়েম ছিল।’’
তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠার সময় থেকেই ছাত্রদল কলেজে নেতৃত্ব দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে। সংগঠনের মধ্যে কোনো ভুল-ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে।’’ কলেজের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘‘কলেজের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি কলেজের খেলার মাঠের উন্নয়ন এবং ক্যাম্পাসে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা করা হবে।’’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কলেজের শিক্ষক ও অতিথিরা ফুল দিয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুকুর, রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জিএস স্বপন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি বাবুল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমদ ভূইয়া এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন।
এ ছাড়া কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন। তাদের পরিবেশনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









