সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নেতাকর্মীরা হলেন- পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আকতার হোসেন (৬৮), হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য জোটের পার্বতীপুর উপজেলা সভাপতি ড. গৌরাঙ্গ কুমার সরকার(৫৫), পার্বতীপুর পৌর শাখার সাবেক সভাপতি ডাঃ সাজ্জাদ হোসেন(৫২), দলীয় কর্মী তোজাম্মেল হক (৪০) ও বাবলু হোসেন (৩৫) প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১ টার দিকে পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা আওয়ামীলীগের অর্ধশর্তাধিক নেতাকর্মী শহরের নতুন বাজারে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমবেত হন।
এসময় তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ ও ডাঃ সাজ্জাদের নেতৃত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এ লড়াই স্বাধীনতার, এ লড়াইয়ে জিততে হবে সহ নানা স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের তৃতীয়তলা থেকে
আলোচিত ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন গ্রেফতার ৫ জনকে ইতিপূর্বে দায়ের করা ১টি মামলায় গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়েছে।
কাওছার/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









