শিক্ষার্থীদের তাৎক্ষণিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে চালু হয়েছে ‘স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে এ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন ফিতা কেটে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ও হেলথ কাউন্সিলর ডা. ফয়জুম নেসা জুঁই ও কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন বলেন, ‘‘এতদিন কলেজে স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হতো না। অনেক ক্ষেত্রে অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যেতে হতো। এখন স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টার চালু হওয়ায় শিক্ষার্থীরা কলেজেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাবেন।’’
তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের জরুরি ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।’’
কলেজ কর্তৃপক্ষ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে এ ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবারই প্রথম চালু হলো। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কলেজ কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









