ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিছুতেই বাগে আনা যাচ্ছে না কথিত ‘কিশোর গ্যাং’-এর দৌরাত্ম্য। পৌর শহরজুড়ে বিপথগামী কিশোর ও তরুণদের একাধিক দল বেপরোয়া হয়ে ওঠায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নারী শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর শহরের ঈদগাহ মাঠ, রেলস্টেশনপাড়া, টিএন্ডটি পাড়া, গুয়াগাঁও, কলেজ বাজার, মাস্টার মোড়, মুক্তিযোদ্ধাপাড়া ও মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকায় দিনের বেলাতেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ছাড়া রাতের আঁধারে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তার এবং নির্মাণাধীন ভবন থেকে রড ও সিমেন্ট চুরির ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো স্থানীয় বাসিন্দারা জড়িতদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও বয়স কম হওয়ায় আইনি প্রক্রিয়া জটিল হয়ে ওঠে।
हाल हीতে স্কলার্স একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া কলেজের হোস্টেলে ছুরি দেখিয়ে এক শিক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে।
পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন, “অল্প বয়সী এসব কিশোর দলবদ্ধভাবে চুরি, ছিনতাই, মাদক ও মারামারিতে জড়িয়ে পড়ছে।”
পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, “কিশোরেরা দিন দিন অপরাধে জড়িয়ে পড়ছে। সন্ধ্যার পর পৌর শহরে মারামারির ঘটনা বেশি ঘটছে। কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক হতে হবে।”
ঠাকুরগাঁও জজকোর্টের আইনজীবী আবু সায়েম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে পীরগঞ্জে কিশোর অপরাধ ও মাদক সেবন আশঙ্কাজনক হারে বাড়ছে। অপরাধীরা অনেক সময় রাজনৈতিক ছত্রছায়ায় থাকার চেষ্টা করে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার বলেন, “কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি আমরা সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে জনসচেতনতামূলক সভা করা হচ্ছে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, “সামাজিক অবক্ষয় ও পারিবারিক তদারকির অভাবেই কিশোরেরা বিপথগামী হচ্ছে। আমার নির্বাচনী এলাকায় কোনো কিশোর গ্যাংয়ের সদস্য অপরাধে জড়ালে, সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে; কোনো ছাড় দেওয়া হবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









