নাটোরের লালপুরে যথাযথ মর্যাদায় ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, গোপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান, লালপুর বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় উদ্যোক্তা মুরশিদা খাতুন, মাসুদুর রহমান ও আকাশ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে সময় ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমেই কেবল উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









