গাজীপুরের পূবাইল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর)মধ্যেরাতে পূবাইল থানার হায়দারাবাদ শুকন্দিবাগ এলাকা লাল ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ৪ নম্বর ব্লকের মো. লেবু মিয়ার ছেলে মো. আতিকুল ইসলাম রাকিব (১৯), দত্তপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মো. শুভ রাহাত (২০) এবং একই এলাকার এরশাদ নগর ৪ নম্বর ব্লকের আব্দুল আলেফের ছেলে মো. ফয়সাল আহম্মেদ (১৯)।
পুলিশ জানায়, হায়দারাবাদ শুকন্দিবাগ এলাকায় একদল যুবক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









